সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেন খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। সেবার দুই ম্যাচ সিরিজের দুটোতেই হেরেছিল ইনিংস ব্যবধানে।
সিরিজের প্রথম টেস্টে টাইগারদের হারটা ইনিংস এবং ১৩২ রানে। মাত্র ৪২.২ ওভার ব্যাট করতে পেরেছিল বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে সফরকারীরা তুলেছিল মাত্র ৯৭ রান।
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলতে নেমে সেই প্রথম টেস্টের প্রথম দিনের প্রতিশোধই নিল বাংলাদেশ! ডারউইন টেস্টের প্রথম দিনে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের পেস বোলাররা।
স্বাগতিকরা কোনোমতে দুই সেশন পার করলেও অলআউট হয়েছে দ্রুতই। তাদের ইনিংস থেমেছে ১৯৮ রানে। অস্ট্রেলিয়া খেলতে পেরেছে মাত্র ৫৩ ওভার।
জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪২৬ রান। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। তৃতীয় দিনের খেলা শেষে এখনো ৬৭ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
তৃতীয় দিনের খেলা শেষে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ দল। টাইগারদের এমন দাপুটে ক্রিকেটে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি।
সংবাদমাধ্যমকে গিলেস্পি বলেন, ‘বর্তমান বাংলাদেশ দলের পেস আক্রমণের গভীরতা আছে। ওরা এখন আর একজন বা দুইজন বোলারের ওপর নির্ভরশীল নয়। সব সংস্করণের জন্য কোচিং স্টাফরা অনেকগুলো পেসার তৈরি করছে। পেস আক্রমণে এই গভীরতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।’
ডারউইন টেস্টে পেসারদের পারফরম্যান্স নিয়ে গিলেস্পি আরও বলেন, ‘হাসানের কথা বলতেই হবে। ইবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও। এত ভালো বল করেছে যে দুইশর নিচে রুখে দিয়েছে অস্ট্রেলিয়াকে। শরীফুল পরের টেস্ট খেলতে পারবে। দলে যোগ দিচ্ছে। নাহিদ রানাকে দেখতে পেলে ভালো হতো। সে অসম্ভব গতি ও আগ্রাসন নিয়ে বল করে।’
নিয়মিত অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ম্যাচ চান গিলেস্পি, ‘ডারউইনে দুই টেস্টের মাঝে ২৩ বছরের ব্যবধান অনেক বেশি। এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের নিয়মিত অস্ট্রেলিয়া খেলতে আসা উচিত। ওরা অবশ্যই সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেডের মতো বড় মাঠে খেলতে চাইবে। ভবিষ্যতে এমন কিছু হবে আশা করছি।’
গিলেস্পির বিশ্বাস, আগামী দশকে আরও অনেক তারকা ক্রিকেটার পাবে বাংলাদেশ, ‘বাংলাদেশের প্রিয় ক্রিকেটার অনেকেই আছে আমার। তামিম একজন ওয়ান্ডারফুল প্লেয়ার ছিল। মোহাম্মদ রফিককে আমার ভালো লাগত, দারুণ ক্রিকেটার। মাশরাফিও দারুণ। অনেক বছর খেলেছে, নেতৃত্ব দিয়েছে। অনেক গ্রেট প্লেয়ার আছে বাংলাদেশের। আগামী দশকে আরও অনেক হিরো তৈরি হবে।’