পাঁচলাইশে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি

চট্টগ্রামে এবার একটি আবাসিক ভবন লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে, যার মালিকের প্রবাসী ছেলের কাছে কিছুদিন আগে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় সোমবার রাতে রুনা টাওয়ার নামের ওই ভবনের গেইটে দুই যুবক গিয়ে গুলি ছোড়ে।

পুলিশ জানায়, ভবন মালিক হাজী ইউনুসের দুই ছেলে প্রবাসী। সম্প্রতি তার বড় ছেলের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছিল।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে হামজার বাগ এলাকায় রুনা টাওয়ার নামে একটি ভবনের গেইটে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দুই যুবক গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, ভবন মালিক হাজী ইউনুসের দুই ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী। সম্প্রতি তার বড় ছেলে দেশে এসেছে। তার মোবাইলে কয়েক দিন আগে একটি ইন্টারনেট নম্বর থেকে ভয়েস মেসেজ দিয়ে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছিল। গত রাত সাড়ে ১০টার দিকে দুই যুবক গিয়ে ভবনের প্রহরীর সাথে কথা বলে এবং ফিরে আসার সময় গেইটে দুই রাউন্ড গুলি ছোড়ে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, সবকিছু খতিয়ে দেখছি।’

চট্টগ্রাম নগরীর বায়েজিদ, হামজারবাগ এলাকায় চাঁদার দাবিতে গুলি ছোড়ার ঘটনা বেশ কিছুদিন ধরে আলোচিত। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তা বেড়ে গেছে বলে ভাষ্য সংশ্লিষ্টদের।

Translate