১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন, মার্কিন সিনেটের বড় পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের সিনেটে রাশিয়ার জ্বালানি আমদানির ওপর কঠোর শাস্তিমূলক একটি বিল বিপুল ভোটে পাস হয়েছে। সিনেটে ৮৬-১১ ভোটে অনুমোদিত এই বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার পূর্ণ ক্ষমতা পাবেন। আর এই শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের তালিকায় রয়েছে ভারত ও চীন।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও তীব্র করার উদ্দেশ্যে বিলটির নামকরণ করা হয়েছে প্রয়াত রিপাবলিকান সিনেটর ও ইউক্রেনের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহামের স্মরণে।

বিলটি পাসের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল জানান, এর মাধ্যমে ইউক্রেনের জনগণকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে তারা একা নয় এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনো ইউক্রেন জয় করতে পারবেন না। এছাড়া সেনেটে গ্রাহামের স্থলাভিষিক্ত হওয়া তার বোন ডারলিন গ্রাহাম মন্তব্য করেন যে এই আইনটি সরাসরি পুতিনের সংবেদনশীল জায়গায় আঘাত হানবে।

ভারত ও চীন ছাড়াও আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া বর্তমানে রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারকের তালিকায় রয়েছে। তবে বিলে কিছু ব্যতিক্রমী ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব দেশ রাশিয়া থেকে ১৫ শতাংশের কম প্রাকৃতিক গ্যাস আমদানি করে এবং তা হ্রাসের জন্য নিয়মিত পদক্ষেপ নিচ্ছে, তারা এই কঠোর শুল্কের আওতা থেকে ছাড় পাবে।

তাছাড়া মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে মস্কো যে পুরোনো বা নাম পরিবর্তনকারী তেল ট্যাংকারগুলো ব্যবহার করে, সেগুলোকে দমনের জন্যও এই বিলে বিশেষ বিধান রাখা হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট যদি মনে করেন তবে জাতীয় স্বার্থে তা মওকুফও করতে পারবেন।

রাশিয়ার পাশাপাশি এই বিলটিতে ১৯৯৬ সালের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে, যা ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় নিয়ে আসবে।

সিনেটের অনুমোদন পাওয়ার পর এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে, যা আগামী ৩১ আগস্ট অধিবেশন বসলে সেখানে উপস্থাপিত হবে।

সূত্র: এনডিটিভি।

Translate