বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালিটির যৌথ তদারকির বিষয়ে ওমানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে তেহরান নিজেদের একটি পাল্টা প্রস্তাব দিয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, ওমানের প্রস্তাবে তেহরানের নিরাপত্তা উদ্বেগ ও নিয়ন্ত্রণের দাবি যথেষ্ট গুরুত্ব পায়নি। তাই ইরান এমন একটি কাঠামো চায়, যেখানে এই কৌশলগত জলপথে তাদের ভূমিকা হবে প্রধান।
যদিও ওমান ও ইরান—কোনো পক্ষই তাদের প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেনি। তবে বিশ্লেষকদের মতে, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্য মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথ নিয়ে যেকোনো বিরোধ বা উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের দাম এবং বৈশ্বিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।
তাই ইরানের নতুন অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।