মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও ডিজিএফআই।

সোমবার (১৩ জুলাই) সকালে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমকালে এক যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা। তিনি দুবাই থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন।

​বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকালে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার দেহ তল্লাশি করে পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা উক্ত স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ১৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

​ডিজিএফআই ও এনএসআইয়ের যৌথ অভিযান শেষে উদ্ধার স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Translate