চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেলসহ হায়দার আলী ওরফে জনি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩ জুলাই) রাত ৯ টার দিকে বায়েজিদ থানাধীন আমিন জুট মিলস বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জনি মোটরসাইকেলযোগে অবৈধ অস্ত্র নিয়ে আমিন জুট মিলস কাঁচাবাজার থেকে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় একটি লাল রঙের টিভিএস ৪ভি (TVS 4V) মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক জনি বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর মৃদ্দা পাড়া এলাকার মৃত ওসমান গনির ছেলে।
গ্রেপ্তারের পর জনিকে তল্লাশী করে একটি কাঠের বাটযুক্ত দেশীয় এলজি উদ্ধার করা হয়। প্যান্টের পকেট থেকে এক রাউন্ড কার্তুজ এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি (চট্টমেট্রো-ল-১৭-০৩৭১) জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম উত্তর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন। তিনি বলেন, জনির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আগের ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।