বুধবার ১লা জুলাই, ২০২৬

পাবলিক ফিগাররা প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার: সংসদে রুমিন ফারহানা

সাইবার স্পেসকে নারীদের জন্য আরও নিরাপদ করার আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, যারা পাবলিক ফিগার, তারা প্রতিনিয়ত সাইবার বুলিং ও হয়রানির শিকার হচ্ছেন।

মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৯তম দিনে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘সাইবার স্পেসকে নিরাপদ রাখার যে মূল উদ্দেশ্য নিয়ে আইন করা হয়েছে, তার অন্যতম লক্ষ্য হওয়া উচিত নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা যারা রাজনীতি করি, যারা পাবলিক ফিগার বা পরিচিত মুখ, তাদের প্রতিনিয়ত সাইবার হয়রানি, সাইবার বুলিং এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধের শিকার হতে হয়।’

তিনি বলেন, ‘আমরা এখন এআইয়ের যুগে প্রবেশ করেছি। কোনটি বাস্তব, কোনটি ভুয়া বা কৃত্রিম—তা বোঝা অনেক সময় শিক্ষিত মানুষের পক্ষেও কঠিন হয়ে পড়ে। এখন গ্রামাঞ্চলের মানুষের হাতেও স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম পৌঁছে গেছে। ফলে রাজনীতি, গণমাধ্যম বা অন্য পেশার পরিচিত নারীদের জন্য সাইবার স্পেস প্রতিদিনই আরও অনিরাপদ হয়ে উঠছে।’

এই সংসদের মাধ্যমে নারীদের জন্য একটি নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘নারী যে দলেরই কর্মী বা সমর্থক হোন না কেন, তাকে সাইবার বুলিং করবেন না। আপাতদৃষ্টিতে এটি আনন্দদায়ক মনে হলেও, একসময় সেটি বুমেরাং হয়ে আপনাদের দিকেই ফিরে আসবে।’

Translate