শুক্রবার ২৬শে জুন, ২০২৬

৩ লাখ ২৮ হাজার লেগো টুকরায় তৈরি স্পোর্টস কার, গড়লো গতির রেকর্ড

বিশ্ব বিখ্যাত খেলনা নির্মাতা প্রতিষ্ঠান লেগো তাদের নতুন টেকনিক কোয়েনিগসেগ সাডায়ার্স স্পিয়ার সেটটির প্রচারণায় তৈরি করেছে এক অবিশ্বাস্য স্পোর্টস কার। প্রায় ৩ লাখ ২৮ হাজার লেগো টেকনিক উপাদানের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে জলজ্যান্ত এই গাড়ি। এরপর কোয়েনিগসেগের টেস্ট ড্রাইভার মার্কাস লুন্ড এটিকে গুডউড হিলক্লাইম্ব সার্কিটে চালিয়ে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন। ১১১ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটে এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ‘লেগো কার’-এর খেতাব অর্জন করেছে, যা আগের রেকর্ডটির (৫০ কিমি/ঘণ্টা) দ্বিগুণেরও বেশি।

বাস্তব আকৃতির এই গাড়িটি এক বড় প্রযুক্তিগত বিস্ময়। লেগো নির্মাতাদের একটি দলের এটি তৈরি করতে ৯ হাজার ৪০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। গাড়িটি চলন্ত অবস্থায় এতটাই বাস্তবসম্মত দেখায় যে, এটিকে প্লাস্টিকের তৈরি কোনও ভাস্কর্য নয়, বরং আসল কোয়েনিগসেগ গাড়ি বলেই ভ্রম হয়।

লেগোর ডিজাইন প্রধান লুবোর জেলিনকা বলেন, সব লেগো টেকনিক গাড়ির মধ্যে এটি ছিল সবচেয়ে কম সময়ে তৈরি করা সবচেয়ে জটিল একটি প্রজেক্ট। আমাদের লক্ষ্য ছিল ১০০ কিমি/ঘণ্টা গতি ছোঁয়া। পুরো প্রজেক্টে সাড়ে সাত মাস সময় লেগেছে।

এতে কোয়েনিগসেগের বিখ্যাত ‘ঘোস্ট মোড’ যুক্ত করায় বডির অনেকগুলো প্যানেল স্বয়ংক্রিয়ভাবে খোলে। জেলিনকা আরও বলেন, এটি এখন আর কেবল কোনও মডেল নয়, এটি একটি পূর্ণাঙ্গ গাড়ি।

পুরো গাড়িটির ওজন প্রায় ১ হাজার ৮০০ কেজি, যার মধ্যে ৪০০ কেজিই হলো প্লাস্টিকের লেগো উপাদান। তবে এই লেগো বডির নিচে রয়েছে একটি কাস্টম মেটাল চ্যাসিস, এফআইএ-স্পেক রোল কেজ, কোয়েনিগসেগের কার্বন হুইল এবং একটি উপযুক্ত সাসপেনশন সিস্টেম।

আসল সাডায়ার্স স্পিয়ারের মতো না হলেও, এই লেগো গাড়িটি চালিত হয় একটি ছোট বৈদ্যুতিক মোটরের সাহায্যে, যা গাড়িটিকে ১১১ কিমি/ঘণ্টা গতিতে ছুটিয়ে নিতে সক্ষম হয়েছে।

সিনিয়র মডেল ডিজাইনার ক্যাসপার রেনে হ্যানসেন জানান, তাদের লক্ষ্য ছিল এ যাবৎকালের সবচেয়ে উন্নত লেগো টেকনিক গাড়ি তৈরি করা, যা লেগোর ‘বিল্ড ফর রিয়েল’ দর্শনকে বাস্তব রূপ দিয়েছে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

Translate