খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) দুই সদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ইউপিডিএফের সদস্য ববিন ত্রিপুরা ও সুজন চাকমা।
বুধবার (২৪ জুন) সকালে ১০টার দিকে মাটিরাঙা উপজেলার তৈকাথান এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োগড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে সকালে তৈকাথান এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে ববিন ত্রিপুরা নিহত হন। একই ঘটনায় মংসানু মারমা নামে একজনকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করা হয়েছে।
অন্যদিকে বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলিতে সুজন চাকমা নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।
ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা গোলাগুলির কথা অস্বীকার করে এ সব ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।