রবিবার ২১শে জুন, ২০২৬

চাঁদা দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: প্রধান আসামি রাজু পুলিশের খাঁচায়

চট্টগ্রাম মহানগরীর ২ নং গেইট এলাকায় মাছ ব্যবসায়ীদের ওপর বর্বর হামলা, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনার প্রধান আসামি মো. রাজুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার আমানবাজার চিকনদন্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার কার হয় হয়। গ্রেপ্তার রাজু নোয়াখালী জেলার হাতিয়া থানার বাসিন্দা এবং বর্তমানে খুলশীর আরজুর কলোনীতে বসবাস করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে এবং ২টিতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২ নং গেইট রেললাইনের উভয় পাশে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন মো. রাসেল ও তাঁর সহযোগীরা। গত এক মাস ধরে মো. রাজু ও তার সহযোগী বাদশাহসহ প্রায় ৫০ জন সন্ত্রাসী ওই ব্যবসায়ীদের কাছে এককালীন এক লাখ টাকা এবং দৈনিক পাঁচ হাজার টাকা হারে চাঁদা দাবি করে আসছিল। গত ১৫ জুন সন্ত্রাসীরা জোরপূর্বক ২০ হাজার টাকা চাঁদা আদায় করে এবং বাকি টাকার জন্য হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ১৮ জুন রাতে রাজুর নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী মাছের দোকানগুলোতে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও ধারালো কিরিচ দিয়ে দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি করে এবং ব্যবসায়ীদের মারধর করে। এ সময় টিটু ওরফে লম্বা টিটু নামে এক আসামি ব্যবসায়ী মো. রাসেলকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। যাওয়ার সময় তারা ক্যাশ বাক্স থেকে মাছ বিক্রির নগদ দুই লাখ টাকা লুটে নেয়।

পরে এই ঘটনায় ব্যবসায়ী রাসেলের দায়ের করা মামলার প্রেক্ষিতে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়।

 

শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Translate