সোমবার ১৫ই জুন, ২০২৬

আনোয়ারায় মা-মেয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

রবিবার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, আনোয়ারা থানার চেনামতি এলাকায় সংঘটিত মা-মেয়ে হত্যা মামলার আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে রবিবার রাতে পটিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শনিবার রাতে পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়ায় খুন হন স্থানীয় সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ ঘটনায় গুরুতর আহত হয় তাদের পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া, সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সুজন বড়ুয়ার ভাষ্য, তার কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ধার নিয়েছিল তেজপ্রিয় বড়ুয়া। সেই পাওনা টাকার জন্য তিনি হলফনামা করেছিলেন। এ সংক্রান্ত স্ট্যাম্প ছিনিয়ে নিতে ঘরে ঢুকে তার স্ত্রী ও মেয়েকে খুন করেছে তেজপ্রিয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Translate