সোমবার ১৫ই জুন, ২০২৬

টেকনাফে মধ্যরাতে বসতঘর লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, আতঙ্কে এলাকাবাসী

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ডাকাত এলাকায় এসে ফাঁকা গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (১৪ জুন) মধ্যরাতে টেকনাফের বাহারছড়া জুম্মা পাড়া ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে জুম্মা পাড়ার ইউপি সদস্য ইলিয়াস বলেন, ‘গুলির শব্দে ভালোভাবে কথা বলতে পারছি না। আমার সামনে ১০- থেকে ২০ জন ডাকাত ঘিরে রেখেছে। আমি ও আমার এলাকার লোকজন আতঙ্কে আছে তারা প্রতিটি বাড়িঘর ঘিরে অতর্কিত গুলি করছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি।’

স্থানীয় বাসিন্দা মো. তারেক বলেন, ‘রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ রাত ১০টার দিকে একাধিক গুলির বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে দেখি ডাকাতরা সবাই আমার উঠানে আমার ঘর ঘিরে রেখেছে। প্রচুর গুলি করেছে।’

বাহারছড়া জুম্মা পাড়ার মো. হোসাইন বলেন, ‘আমি কক্সবাজারে। আমার স্ত্রী ও ছেলে মেয়ে খুবই কান্না করছে ভয়ে। আমাদের বাড়ি-ঘরে গুলি ছুঁড়ে যাচ্ছে ডাকাতরা। অনেক্ষণপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসে তখন তারা যা ইচ্ছা তা করে চলে যেতে পারে এটা কোন সমাধান নয়। আমরা আমাদের নিরাপত্তা চাই।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছি। অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে অভিযান চালানো হবে।’

Translate