আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বড় এক সিদ্ধান্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। চলমান বিশ্বকাপ শেষেই জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন রেয়াল মাদ্রিদের এই অতন্দ্র প্রহরী। তবে পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তবে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলমান ফুটবল বিশ্বকাপে আগামী সোমবার মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউ জিল্যান্ড। মেগা আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে বুটজোড়া তুলে রাখার আভাস দিলেন ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক। ২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত বেলজিয়ামের হয়ে ১০৯টি ম্যাচ খেলেছেন তিনি।
ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে কোর্তোয়া জানান, এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে কথা বলা ঠিক হবে কিনা তা তিনি জানেন না, তবে এই টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সম্ভাবনাই বেশি। তিনি আরও কয়েক বছর ক্লাব ফুটবল চালিয়ে যেতে চান এবং সেজন্য নিজের শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। কোর্তোয়ার পরিবারও এবারের আসর দেখতে এসেছে, কারণ এটিই হতে পারে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।
অবশ্য এখনই সব শেষ মেনে নিচ্ছেন না এই তারকা। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে বেলজিয়ামের পথচলা যদি দুর্দান্ত হয় এবং দলের ভেতরের পরিবেশ চমৎকার থাকে, তবে অবসরের ভাবনা তিনি বদলে ফেলতে পারেন। সেক্ষেত্রে টুর্নামেন্ট শেষে কোচ, টেকনিক্যাল ডিরেক্টর ভেঁসোঁ মানার্ট এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
সাবেক কোচ দমেনিকো তেদেস্কোর অধীনে আন্তর্জাতিক উইন্ডোগুলোতে বিশ্রামের সুযোগ পাওয়াটাই কোর্তোয়াকে অবসরের দিকে বেশি ভাবিয়েছে। গত দেড় বছরে বেশ কিছু ছোটখাটো শারীরিক সমস্যা ও চোটের কারণে বিরতির সময়ে বিশ্রাম নেওয়া এবং জিমে নিরিবিলি কাজ করার গুরুত্ব বুঝতে পেরেছেন তিনি। এর পাশাপাশি সেনে ল্যামার্স এবং মাইক পেন্ডার্সের মতো তরুণ প্রতিভাবান গোলরক্ষকদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার ভাবনাও কাজ করছে তার মনে। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্স কোর্তোয়ার এই বিদায়ের সিদ্ধান্ত বদলে দিতে পারে কিনা।