শুক্রবার ৫ই জুন, ২০২৬

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় নৌযান ডুবি, প্রাণে বাঁচলেন ১২ যাত্রী

রাঙামাটির কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌযান ডুবে গেছে। শুক্রবার (৫ জুন) সকালে কাপ্তাই হ্রদের সুবলং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালকসহ ১২ যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাঙামাটি সদর থেকে বরকলের দিকে যাচ্ছিল যাত্রীবাহী ছোট নৌযানটি। সুবলং বাজার এলাকায় নৌযানটিকে ধাক্কা দেয় রাঙামাটি থেকে মাইনীমুখের উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চ এমএল বিজলি। এ সময় নৌযানটি উল্টে পানিতে তলিয়ে যায়। তা দেখতে পেয়ে লঞ্চের কর্মচারী ও স্থানীয় লোকজন নৌযানের যাত্রীদের উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা।

তিনি বলেন, নৌযানে থাকা সব যাত্রীকে দ্রুত উদ্ধার করায় সবাই প্রাণে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় কেউ নিখোঁজ নেই।

লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, ইঞ্জিনচালিত নৌকাটি লঞ্চের আগে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় লঞ্চের পেছনে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

Translate