দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন মহানগরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, জাতীয় সংসদ কিংবা সংসদীয় কমিটিতে আলোচনা ছাড়াই বাজেট ঘোষণার আগেই জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, নিত্যপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কৃষি, শিল্প ও পরিবহন খাতে উৎপাদন ব্যয় বেড়ে যাবে এবং এর প্রভাব বাজারে পণ্যের দামের ওপর পড়বে।
নজরুল ইসলাম দাবি করেন, বর্তমানে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি। বিদ্যুৎ ও গ্যাসের পাশাপাশি এলপিজির দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর।
তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান প্রেস ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।