শুক্রবার ৫ই জুন, ২০২৬

উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে

চীন উচ্চক্ষমতাসম্পন্ন টি-১০০ গ্রেড কার্বন ফাইবার উৎপাদনে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে। শাংহাইয়ে ইতোমধ্যে এর বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের পেট্রোলিয়াম ও কেমিক্যাল করপোরেশন।

এই প্রযুক্তিগত অগ্রগতি যৌথভাবে অর্জন করেছে সিনোপেক শাংহাই পেট্রোকেমিক্যাল ও সিনোপেক শাংহাই পেট্রোকেমিক্যাল প্রযুক্তি গবেষণা সংস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই নতুন প্রজন্মের কার্বন ফাইবার মহাকাশ প্রযুক্তি, কাঠামোনির্ভর বুদ্ধিমত্তা (এমবডিড ইন্টেলিজেন্স), নিম্ন-উচ্চতার অর্থনীতি এবং অন্যান্য উচ্চপ্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে।

নতুন এই পণ্যটির ধরন হলো ১২কে স্মল-টো কার্বন ফাইবার। অর্থাৎ, প্রতিটি ফাইবার বান্ডেলে ১২ হাজার পৃথক তন্তু রয়েছে। প্রতিটি তন্তুর ব্যাস মাত্র প্রায় ৭ মাইক্রোমিটার।

কার্বন ফাইবারকে আধুনিক শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এর ঘনত্ব ইস্পাতের এক-চতুর্থাংশেরও কম, কিন্তু শক্তি ইস্পাতের তুলনায় ৭ থেকে ৯ গুণ বেশি। পাশাপাশি এটি মরিচা প্রতিরোধী ও তুলনামূলক দীর্ঘস্থায়ী।

পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের কার্বন ফাইবার বাজারের আকার ৬০ বিলিয়ন ইউয়ান ছাড়াবে।

সূত্র: সিএমজি

Translate