বুধবার ৩রা জুন, ২০২৬

বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের

উচ্চমানের উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বহির্বিশ্বে বিনিয়োগের ওপর নতুন নীতিমালা অনুমোদন করেছে চীন। সোমবার চীনের রাষ্ট্রীয় পরিষদের একটি ডিক্রিতে স্বাক্ষর করে এই নতুন নীতিমালার অনুমোদন দেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। আগামী ১ জুলাই থেকে এটি দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

নতুন এই প্রবিধানের মূল লক্ষ্য হলো চীনের উচ্চ-মানসম্পন্ন উন্মুক্তকরণ নীতিকে ত্বরান্বিত করা, বহির্বিশ্বে চীনা বিনিয়োগের গুণগত উন্নয়ন নিশ্চিত করা এবং একই সঙ্গে বিনিয়োগকারীদের আইনি অধিকার রক্ষা করা। পাশাপাশি চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষা করাও এই নীতিমালার অন্যতম প্রধান উদ্দেশ্য।

মোট ৩৪টি অনুচ্ছেদ বা ধারা সম্বলিত এই নতুন প্রবিধানটিতে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সংগতি রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অগ্রগতি এবং বৈশ্বিক শিল্প ও সাপ্লাই চেইনে আন্তর্জাতিক সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

বিধিমালায় বলা হয়েছে, চীন সরকার সম্পূর্ণ বাজারভিত্তিক নীতি মেনে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নিয়ে চীনা বিনিয়োগকারীদের বিদেশে বিনিয়োগ কার্যক্রম পরিচালনায় পূর্ণ সমর্থন দেবে।

এতে আরও বলা হয়েছে, বিনিয়োগ ব্যবস্থাকে সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পেশাগত প্রতিষ্ঠান, শিল্প সমিতি এবং বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা জোরদার করা হবে।

সূত্র: সিএমজি

Translate