বুধবার ২০শে মে, ২০২৬

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অল্পের জন্য বাঁচল দুই পাইলট

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি মিনওয়ালি জেলার একটি পতিত জমিতে আছড়ে পড়ে।

প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২০ মে) এই ঘটনা ঘটে। তবে বিমানে থাকা দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। তবে তাদের বর্তমান অবস্থা জানায়নি পাকিস্তানের বিমান বাহিনী।

ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার পর বিমানটি মিয়ানওয়ালি জেলায় ভেঙে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানটি ফাঁকা মাঠে পড়ায় ক্ষয়ক্ষতিও বাড়েনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পাকিস্তান বিমান বাহিনীর জাম্পস্যুট পরা দুই ব্যক্তিকে স্থানীয় লোকজন সহায়তা করছেন। দূরেই বিমানটি পুড়ছে।

ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ভারতের কয়েকটি গণমাধ্যম দাবি করছে বিমানটি চীনের তৈরি। তবে এই ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করেনি পাকিস্তান।

Translate