মোটে ১.৫ লাখ জনসংখ্যার দেশ কুরাসাও এবার বিশ্বকাপে খেলছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দলটি। এই দলে আছেন একই পরিবারের ২ ভাই। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক একাডেমি খেলোয়াড় তাহিথ চংও আছেন এই স্কোয়াডে।
২৬ বছর বয়সী চং ২০২৫ সালের আগস্টে নেদারল্যান্ডস থেকে নাগরিকত্ব বদলে ‘কুরাসাওয়ের’ বনে যান। তার ফলেই দুয়ার খুলে যায় তার। দলের হয়ে প্রথম দুই বিশ্বকাপ বাছাই ম্যাচেই তিনি দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেন। এরপর হাঁটুর চোটে শেষ চার ম্যাচ মিস করেন। চং ছয় বছর ইউনাইটেডের একাডেমিতে ছিলেন এবং মূল দলের হয়ে ১৬টি ম্যাচ খেলেন। ২০২২ সালে ক্লাব ছাড়ার পর বার্মিংহাম সিটি, লুটন টাউন এবং সম্প্রতি শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন। এই মৌসুমে চ্যাম্পিয়নশিপে তার ২১টি ম্যাচ হয়েছে।
কুরাসাওর অধিনায়ক হবেন সাবেক অ্যাস্টন ভিলা মিডফিল্ডার লেন্দ্রো বাকুনা। তিনি এখন তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকেতে খেলছেন। ৩৪ বছর বয়সী এই খেলোয়াড় তার ছোট ভাই জুনিনহো বাকুনার সঙ্গে মাঠে নামবেন। জুনিনহো আগে হাডার্সফিল্ড টাউন, রেঞ্জার্স ও বার্মিংহামে খেলেছেন।
কুরাসাওর জনসংখ্যা মাত্র ১ লাখ ৫৬ হাজার। এই বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের মধ্যে তারাই সবচেয়ে ছোট জাতি।
আগস্ট ২০২৫ থেকে এখন পর্যন্ত পাঁচজন খেলোয়াড় কুরাসাওর হয়ে আন্তর্জাতিক আনুগত্য বদলেছেন। চং ছাড়াও শুরান্দি সাম্বো, রিশেলদি বাজোয়ের, সোন্টজে হ্যানসেন ও আর্মান্দো ওবিস্পো সেই পাঁচজনের মধ্যে আছেন এবং সবাই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।
এদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম ওবিস্পো। পিএসভি আইন্দহোভেনের হয়ে তিনি চারটি এরেডিভিসি শিরোপা জিতেছেন। এই মৌসুমে টানা তৃতীয়বার শিরোপা জেতায় তার ২৭টি ম্যাচ ছিল। চ্যাম্পিয়নস লিগেও আটটির মধ্যে ছয়টি ম্যাচ খেলেছেন।
ইউএসএল চ্যাম্পিয়নশিপের ক্লাব মায়ামি এফসি থেকে দুজন খেলোয়াড় কুরাসাওর হয়ে বিশ্বকাপ খেলবেন। গোলরক্ষক এলয় রুম ও ফরোয়ার্ড জুর্গেন লোকাদিয়া সেই দুজন।
কোচ ডিক অ্যাডভোকাটের বয়স ৭৮। তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ। গত সপ্তাহে ঘোষণা হয়েছে যে মেয়ের সেবায় পদ ছাড়ার তিন মাস পর তিনি আবার দায়িত্ব নিয়েছেন। এর আগে তিনি ১৯৯৪ সালে নেদারল্যান্ডস এবং ২০০৬ সালে দক্ষিণ কোরিয়াকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন।
কুরাসাও কনকাকাফ বাছাইয়ে জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো এবং বারমুডাকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সর্বশেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ০-০ ড্র করে তারা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।
৪৮ দলের এই বিশ্বকাপে কুরাসাও ‘ই’ গ্রুপে পড়েছে। ১৪ জুন জার্মানি, ২০ জুন ইকুয়েডর এবং ২৫ জুন আইভরি কোস্টের মুখোমুখি হবে তারা।
কুরাসাওর পূর্ণ বিশ্বকাপ দল:
গোলরক্ষক: টাইরিক বোদাক (এসসি টেলস্টার), ট্রেভর ডুর্নবুশ (ভিভিভি-ভেনলো), এলয় রুম (মায়ামি এফসি)।
ডিফেন্ডার: রিশেলদি বাজোয়ের (কোনিয়াস্পোর), জোশুয়া ব্রেনেট (কাইসেরিস্পোর), রোশন ভ্যান এইজমা (আরকেসি ওয়ালওয়াইক), শেরেল ফ্লোরানুস (পিইসি জোভোলে), ডেভেরন ফোনভিল (এনইসি নাইমেখেন), জুরিয়েন গারি (আবহা ক্লাব), আর্মান্দো ওবিস্পো (পিএসভি আইন্দহোভেন), শুরান্দি সাম্বো (স্পার্টা রটার্ডাম)।
মিডফিল্ডার: জুনিনহো বাকুনা (এফসি ভোলেন্দাম), লেন্দ্রো বাকুনা (ইগদির), লিভানো কোমেনেনসিয়া (এফসি জুরিখ), কেভিন ফেলিদা (এফসি ডেন বশ), আর’জানি মার্থা (রোদারহাম ইউনাইটেড), টাইরেস নসলিন (এসসি টেলস্টার), গডফ্রিড রুমেরাতু (আরকেসি ওয়ালওয়াইক)।
ফরোয়ার্ড: জেরেমি অ্যান্টোনিসে (এই কিফিসিয়া), তাহিথ চং (শেফিল্ড ইউনাইটেড), কেনজি গোরে (মাক্কাবি হাইফা), সোন্টজে হ্যানসেন (মিডলসব্রো), গার্ভেন কাস্তানিয়ের (তেরেঙ্গানু এফসি), ব্র্যান্ডলি কুয়াস (এফসি ভোলেন্দাম), জুর্গেন লোকাদিয়া (মায়ামি এফসি), জেয়ার্ল মার্গারিথা (এসকে বেভেরেন)।