সেঞ্চুরি করতে পারাটা সব ব্যাটারেরই ভিন্ন এক রকমের ভালো লাগার অনুভূতি। টেস্ট ক্রিকেটে বিষয়টি আরও মর্যাদার। তবে কেউ যদি এই মাইলফলকের খুব কাছে যেয়েও ব্যর্থ হয়, নির্দিষ্ট করে বলতে গেলে নব্বই রানের ঘরে আউট হয়, তাহলে কষ্টটা আরেকটু বেশিই লাগে।
আজ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি তুলে নিলেও খুব কাছে যেয়ে ব্যর্থ হন মুমিনুল হক। ৯১ রানে সাজঘরে ফেরেন তিনি।
সংবাদ সম্মেলনে এসে এই টাইগার ব্যাটার বলেন, ‘সেঞ্চুরি না হওয়ায় এত দিন আক্ষেপ হয়নি। তবে আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। কারণ, সেঞ্চুরি করতে পারি নাই বলে বউ হয়ত একটু গালি দিবে। এটাই আরকি। আসার পর দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল আরকি। তবে সত্যি কথা বলতে আমার কাছে একশর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়মিত রান করা।’
মুমিনুল আরও বলেন, ‘আমার ওই রকমের রানের তাড়াও ছিল না। লক্ষ্য ছিল আর এক ঘণ্টা আছে, ওই এক ঘণ্টা স্বাভাবিক ক্রিকেট খেলা। আর নোমান ভালো বল করছিল। যেভাবে খেলতে চেয়েছিলাম ওইভাবে খেলতে পারিনি, বলটা হঠাৎ করে নিচু হয়ে গেছে।’
মিরপুর টেস্টের প্রথম দিনের ৮৫ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ ৩০১ রান। ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।