রবিবার ৩রা মে, ২০২৬

দ্রুত পানি নেমে যেতে অপসারণ করা হচ্ছে খালের অস্থায়ী বাঁধ

নগরবাসীর জনদুর্ভোগ কমাতে খালের অস্থায়ী বাঁধ দ্রæত অপসারণের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। এসময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। খালের সংস্কার ও উন্নয়ন কাজের সুবিধার্থে নির্মিত অস্থায়ী বাঁধগুলো অপসারণ কার্যক্রমও ঘুরে দেখেন সিডিএ চেয়ারম্যান।

গতকাল শনিবার তিনি নগরীর জামালখান খাল ও হিজড়া খাল এলাকায় গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

সিডিএ সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৩৬টি খাল পুনঃখনন, সম্প্রসারণ ও সংস্কারের একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ৩৬টি খালের মধ্যে ইতোমধ্যে ৩০টি খালের কাজ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়েছে। এছাড়া বাকি ৬টি খালের মধ্যে চারটি খালের কাজ ৯০ শতাংশের বেশি সম্পন্ন এবং হিজড়া ও জামালখান খালের কাজ ৬০ শতাংশের মত শেষ হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, হিজড়া ও জামালখান খাল দুটিতে কাজ নির্বিঘ্ন করতে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে এসব বাঁধের কারণে কিছু এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে। ফলে নির্ধারিত সময়ের আগেই বাঁধ অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অংশের কাজ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ক্যাপ্টেন মোহাম্মদসহ ইঞ্জিনিয়ার কোরের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে প্রকল্পের দ্রুত ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন সিডিএ চেয়ারম্যান।

Translate