শনিবার ২রা মে, ২০২৬

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন আজিম গ্রুপের কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠানের শ্রমিকরা। এতে বহদ্দারহাট-কালুরঘাট সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও এসএসসি পরীক্ষার্থীরা। বিকাল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। ২০২০ সাল থেকে টিফিন বিল বকেয়া রয়েছে। ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের টাকা দেওয়া হয়নি। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধাও বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তাদের।

খবর পেয়ে শিল্প পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। তবে আমি খোঁজ খবর নিচ্ছি। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বেতনসংক্রান্ত জটিলতা থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছেন।

Translate