যুদ্ধ বন্ধ এবং দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসা ‘লজ্জার কিছু নেই’ বলে মন্তব্য করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আশরক আল-আওসাত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সাক্ষাৎকারে আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাজ্জি বলেন, লেবাননের আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত আত্মসমর্পণ নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষার একটি হাতিয়ার মাত্র। তিনি আরও বলেন, লেবানন কারও অধীন নয় এবং কোনও পক্ষের হাতের খেলনা নয়।
ইসরায়েলের সঙ্গে দর কষাকষিতে লেবানন দুর্বল, এমন ধারণাকে নাকচ করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননকে পুরোপুরি দুর্বল অবস্থানে আছে বলে দেখানো যেমন বড় ভুল, তেমনি একে আত্মসমর্পণের অবস্থানে আছে বলাও সমানভাবে ভুল।
এদিকে হিজবুল্লাহর সমালোচনা করে ইউসুফ রাজ্জি অভিযোগ করেন, গোষ্ঠীটি জাতীয় স্বার্থ বা দক্ষিণের মানুষের দুর্ভোগের সঙ্গে সম্পর্কহীন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামের বাসিন্দা ও সাধারণ মানুষের ভাগ্য নিয়ে জুয়া খেলছে।
একই সঙ্গে ইরান ও লেবাননের অবস্থান আলাদা দাবি করে মন্ত্রী বলেন, লেবাননের পথ এখন ইরানের পথ থেকে আলাদা। লেবাননের স্বার্থ এখন আর ইরানের আলোচনার অগ্রগতি বা অচলাবস্থার ওপর নির্ভরশীল নয়।