চট্টগ্রাম অঞ্চলে ‘তুমুল জনপ্রিয়’ বলী খেলার (এক ধরনের কুস্তি) প্রচলন করেছিলেন যিনি, সেই ব্যবসায়ী আব্দুল জব্বারের নামানুসারে ঐতিহাসিক লালদীঘি মোড়ের নতুন নামকরণ করা হয়েছে ‘জব্বার চত্বর’।
বুধবার চত্বরে এই নামাঙ্কিত মুর্যালের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
চত্বরের ম্যুরাল উদ্বোধনের আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লাইব্রেরি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে মেয়র শাহাদাত হোসেন বলেন, “আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারা (বলী খেলা ও মেলার আয়োজক কমিটি) আমার কাছে অনুরোধ করেছিল এ চত্বরকে আব্দুল জব্বার চত্বর হিসেবে ঘোষণা করার। আমি তাদের কথা দিয়েছিলাম। আজ সেটার উদ্বোধন হচ্ছে।
এই লালদীঘি মাঠেই শনিবার বসছে ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১৭তম আসর। এর আগে শুক্রবার থেকে শুরু হবে বৈশাখী মেলা।
বুধবার সংবাদ সম্মেলনে এবারের বলী খেলার আসরের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।
বাংলা পঞ্জিকা অনুসারে প্রতিবছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলী খেলাকে কেন্দ্র করে হওয়া মেলা রূপ নেয় সার্বজনীন উৎসবে। ১২ বৈশাখ বলী খেলা হলেও আগের দিন ও পরের দিন মিলিয়ে তিন দিনব্যাপী লালদীঘি সংলগ্ন দেড় কিলোমিটার এলাকা জুড়ে বসে এ মেলা।
তবে এবার মেলা হবে দুই দিনের। সংবাদ সম্মেলনে শওকত আনোয়ার বাদল বলেন, ২৬ এপ্রিল এসএসসি পরীক্ষা আছে। মাঠের পাশেই সরকারি মুসলিম হাই স্কুলে পরীক্ষার কেন্দ্র। এ কারণে রোববার ভোরেই মেলা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।