বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেয়ার পরিকল্পনা নেই: নৌ-পরিবহন মন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।

বুধবার (২২ এপ্রিল) সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, বন্দরের সার্বিক নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকলেও কেবল নির্দিষ্ট টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথোরিটি (পিপিপিএ) অথবা সরকারের অনুমোদনক্রমে দেশি ও বিদেশি উভয় ধরনের অপারেটর এসব টার্মিনাল পরিচালনার সুযোগ পেতে পারেন।

আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মেলাতে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বর্তমানে বন্দরের বিভিন্ন টার্মিনাল দেশি-বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উদাহরণস্বরূপ, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) বর্তমানে একটি বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে।

এছাড়া, কর্ণফুলী নদীর ডান তীরে লালদিয়া চর এলাকায় ‘লালদিয়া কনটেইনার টার্মিনাল’ নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কের মার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘এপিএম টার্মিনালস বিভি’-এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন যে, চট্টগ্রাম বন্দর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২’ অনুযায়ী একজন চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত বোর্ড এবং সংস্থার নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে এটি পরিচালিত হয়। তবে বন্দর কর্তৃপক্ষ সবসময় সরকারের নীতিগত সিদ্ধান্ত ও নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করে থাকে।

Translate