সোমবার ২০শে এপ্রিল, ২০২৬

পাল্টাপাল্টি হামলা বন্ধ ও কূটনৈতিক আলোচনার আহ্বান তুরস্কের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত ও পাল্টাপাল্টি হামলা বন্ধ করে পুনরায় কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সোমবার রাতে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ফিদান বলেন, ‘আমাদের মূল অনুরোধ এবং দাবি অত্যন্ত স্পষ্ট, উভয় পক্ষকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে এবং কূটনীতি শুরু করতে হবে।’

তুরস্ক বিশ্বনেতাদের সঙ্গে প্রতিটি আলোচনাতেই ধারাবাহিকভাবে এই বার্তার ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন স্থাপনায় ইরানের সাম্প্রতিক হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ফিদান বলেন, ইরান সম্ভবত আশা করছে যে এই দেশগুলো যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করবে। তবে এই কৌশলে ফল আসার সম্ভাবনা নেই বলে মনে করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমি মনে করি না যে এতে ফলাফল আসার সম্ভাবনা রয়েছে।’

সূত্র: এপি

Translate