ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করলেও কঠোর শর্ত জুড়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু কর্মসূচি এবং সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনের কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, গত কয়েক দিনে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমি আরও আলোচনা করার পরিকল্পনা করছি। বর্তমানে একটি বড় ও শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হচ্ছে, তবে আশা করা হচ্ছে, এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে না।
ইরানের প্রতি নিজের বার্তা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, আমি তাদের দুটি কথা বলতে চাই। এক, পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করুন; দুই, বিক্ষোভকারীদের হত্যার বিষয়টি বন্ধ করুন।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রসাশন সামরিক হামলার বিকল্প বিষয়গুলো নিয়ে চিন্তা করছে। এর মধ্যে ইরানের ভেতরে নির্দিষ্ট স্থাপনায় হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতা দুর্বল করার মতো পদক্ষেপও থাকতে পারে।
উল্লেখ্য, সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন ও অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান আরব সাগরে মোতায়েন করা হয়েছে। মার্কিন সেনাদের রক্ষায় অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।