ভ্যাম্পায়ার-থ্রিলার ধাঁচের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সিনার্স’ অস্কারে মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১৬টি মনোনয়ন পেয়েছে রায়ান কুগলার পরিচালিত ছবিটি। এতে যমজ ভাইয়ের চরিত্রে অনবদ্য নৈপুণ্যের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন আমেরিকান তারকা মাইকেল বি. জর্ডান।
‘সিনার্স’ ছবির জন্য সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে একাই পৃথক দুটি মনোনয়ন পেয়েছেন রায়ান কুগলার। এছাড়া সেরা পার্শ্ব অভিনেতা (ডেলরয় লিন্ডো), সেরা পার্শ্ব অভিনেত্রী (উনমি মোসাকু) সেরা রূপসজ্জা ও চুলসজ্জা, সেরা মৌলিক আবহ সংগীত, সেরা পোশাক পরিকল্পনা, সেরা মৌলিক গান, সেরা শিল্প নির্দেশনা, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা শব্দ, সেরা ভিজ্যুয়াল ইফেক্টস, সেরা চিত্রগ্রহণ ও নতুন চালু হওয়া সেরা কাস্টিং বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি।
এবারের অস্কারে দ্বিতীয় সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে পল টমাস অ্যান্ডারসন পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটির জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও। তার সহশিল্পী বেনিসিও দেল তোরো ও শন পেন সেরা পার্শ্ব অভিনেতা আর টিয়ানা টেলর সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জায়গা পেয়েছেন।
‘মার্টি সুপ্রিম’ ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন টিমোতি শালামে। ‘মার্টি সুপ্রিম’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ও ‘হ্যামনেট’ ৯টি করে মনোনয়ন পেয়েছে। ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়রের স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য জেসি বাকলি সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন। ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’ সেরা চলচ্চিত্র, সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্রসহ চার বিভাগে রয়েছে। এতে অভিনয়ের জন্য ভাগনার মোরা সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে ২৪টি বিভাগে মনোনীতদের নাম ঘোষণা করেন আমেরিকান অভিনেত্রী ড্যানিয়েল ব্রুকস ও অভিনেতা লুইস পুলম্যান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাকাডেমি সভাপতি লিনেট হাওয়েল টেলর। অস্কারের দুটি ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম (টিকটক, টুইটার, ইউটিউব, ফেসবুক), স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলু’তে সরাসরি দেখানো হয় এই আয়োজন।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ১৯টি শাখার সদস্যদের ভোটে অস্কারের মনোনয়ন তালিকা চূড়ান্ত হয়েছে। অভিনয়শিল্পী সদস্যরা অভিনয়শিল্পীদের, কস্টিউম ডিজাইনাররা পোশাক পরিকল্পনা– এভাবে সংশ্লিষ্ট বিভাগের সদস্যরা একই পেশার কলাকুশলীদের ভোট দিয়েছেন। পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র, আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ভোট দিয়েছেন অ্যাকাডেমির সব বিভাগের সদস্যরা। এছাড়া সেরা চলচ্চিত্র বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে সব সদস্যের সম্মিলিত ভোটে। এবার ৮৮টি দেশের সদস্যরা অনলাইন ব্যালটের মাধ্যমে মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত অ্যাকাডেমির সক্রিয় সদস্যরা ভোট দিয়ে ২৩টি বিভাগে বিজয়ীদের চূড়ান্ত করবেন।
২০২৬ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। টানা দ্বিতীয়বারের মতো জমকালো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান তারকা কোনান ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
৯৮তম অস্কারের মনোনয়ন তালিকা
সেরা সিনেমা
বুগোনিয়া (ফোকাস ফিচার্স), এফওয়ান (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স), ফ্রাঙ্কেনস্টাইন (নেটফ্লিক্স), হ্যামনেট (ফোকাস ফিচার্স), মার্টি সুপ্রিম (এ২৪), ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স), দ্য সিক্রেট এজেন্ট (নিয়ন), সেন্টিমেন্টাল ভ্যালু (নিয়ন), সিনার্স (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স), ট্রেন ড্রিমস (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা
টিমোতি শালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), মাইকেল বি. জর্ডান (সিনার্স), ভাগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট)
সেরা অভিনেত্রী
জেসি বাকলি (হ্যামনেট), রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু), রেনোতে রাইন্সভে (সেন্টিমেন্টাল ভ্যালু), এমা স্টোন (বুগোনিয়া)
সেরা পার্শ্ব অভিনেতা
বেনিসিও দেল তোরো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), জ্যাকব এলোর্ডি (ফ্রাঙ্কেনস্টাইন), ডেলরয় লিন্ডো (সিনার্স), শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), স্টেলান স্কর্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)
সেরা পার্শ্ব অভিনেত্রী
এল ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু), ইঙ্গা ইবসডটার লিলাস (সেন্টিমেন্টাল ভ্যালু), অ্যামি ম্যাডিগ্যান (ওয়েপন্স), উনমি মোসাকু (সিনার্স), টিয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পরিচালক
ক্লোয়ি জাও (হ্যামনেট), জশ স্যাফডি (মার্টি সুপ্রিম), পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইয়োয়াকিম ত্রিয়ের (সেন্টিমেন্টাল ভ্যালু), রায়ান কুগলার (সিনার্স)
সেরা মৌলিক চিত্রনাট্য
ব্লু মুন (রবার্ট কাপলাও), ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, নাদের সাইভার, শাদমেহের রাস্তিন, মেহদি মাহমুদিয়ান), মার্টি সুপ্রিম (রোনাল্ড ব্রনস্টেইন ও জশ স্যাফডি), সেন্টিমেন্টাল ভ্যালু (এসকিল ফক্ট ও ইয়োয়াকিম ত্রিয়ের), সিনার্স (রায়ান কুগলার)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য
বুগোনিয়া (উইল ট্রেসি), ফ্রাঙ্কেনস্টাইন (গিয়ের্মো দেল তোরো), হ্যামনেট (ক্লোয়ি জাও ও ম্যাগি ও’ফ্যারেল), ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (পল টমাস অ্যান্ডারসন), ট্রেন ড্রিমস (ক্লিন্ট বেন্টলি, গ্রেগ কোয়িডার)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
আর্কো (নিয়ন), এলিও (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স), কেপপ ডিমন হান্টার্স (নেটফ্লিক্স), লিটল অ্যামেলি অর দ্য ক্যারাক্টার অব রেইন (জিকিডস), জুটোপিয়া টু (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
বাটারফ্লাই, ফরেভারগ্রিন, দ্য গার্ল হু ক্রাইড পার্লস, রিটায়ারমেন্ট প্ল্যান, দ্য থ্রি সিস্টার্স
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল), ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (ফ্রান্স), সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে), সিরাট (স্পেন), দ্য ভয়েস অব হিন্দ রাজাব (তিউনিসিয়া)
সেরা কাস্টিং
হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সিনার্স
সেরা চিত্রগ্রহণ
ফ্রাঙ্কেনস্টাইন, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সিনার্স, ট্রেন ড্রিমস
সেরা পোশাক পরিকল্পনা
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, সিনার্স
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
বুচার’স স্টেইন, অ্যা ফ্রেন্ড অব ডরোথি, জেন অস্টেন’স পিরিয়ড ড্রামা, দ্য সিঙ্গারস, টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা
সেরা প্রামাণ্যচিত্র
দি অ্যালাবামা সল্যুশন, কাম সি মি ইন দ্য গুড লাইট, কাটিং থ্রু রকস, মিস্টার নোবডি অ্যাগেনস্ট পুতিন, দ্য পারফেক্ট নেইবার
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
অল দ্য এম্পটি রুমস, আর্মড অনলি উইথ অ্যা ক্যামেরা: দ্য লাইফ অ্যান্ড ডেথ অব ব্রেন্ট রেনোড, চিলড্রেন নো মোর: ‘ওয়্যার অ্যান্ড আর গন’, ক্লাসরুম ফোর, দ্য ডেভিল ইজ বিজি, পারফেক্টলি অ্যা স্ট্রেঞ্জনেস
সেরা চলচ্চিত্র সম্পাদনা
এফওয়ান, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
ফ্রাঙ্কেনস্টাইন, কোকুহো, সিনার্স, দ্য স্ম্যাশিং মেশিন, দি আগলি স্টেপসিস্টার
সেরা মৌলিক আবহ সংগীত
বুগোনিয়া (জার্সকিন ফেন্ড্রিক্স), ফ্রাঙ্কেনস্টাইন (আলেকসঁন্দ্রা দিপ্লাঁ), হ্যামনেট (মাক্স রিশটার), ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (জনি গ্রিনউড), সিনার্স (লুদভিগ ইয়োরানসন)
সেরা মৌলিক গান
ডিয়ার মি (ডায়েন ওয়ারেন: রিলেন্টলেস, কথা ও সুর: ডায়েন ওয়ারেন), গোল্ডেন (কেপপ ডিমন হান্টার্স, কথা ও সুর: ইজেই, মার্ক সনেনব্লিক, জুং জিউ কোয়াক, ইয়ু হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও, টেডি পার্ক), আই লাইড টু ইউ (সিনার্স, কথা ও সুর রাফায়েল সাদিক, লুদবিগ ইয়োরানসন), সুইট ড্রিমস অব জয় (ভিভা ভের্দি!, কথা ও সুর: নিকোলাস পাইক), ট্রেন ড্রিমস (ট্রেন ড্রিমস, কথা ও সুর: নিক কেভ, ব্রাইস ডেসনার)
সেরা শিল্প নির্দেশনা
ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সিনার্স
সেরা শব্দ
এফওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সিনার্স, সিরাট
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, এফওয়ান, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, দ্য লস্ট বাস, সিনার্স