একটি প্রকল্পের অধীন নেওয়া প্রায় ১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মব-অভিযানের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধারের এসব সাক্ষাৎকার বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার তাদের শুরু থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যে মব-অভিযান শুরু করেছিল, সেই অভিযানের অংশ হিসেবেই ১৫ হাজার বীরমুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার ধ্বংস করার হীন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে।
বিবৃতিতে মুক্তিযুদ্ধবিরোধী মব-অভিযান বন্ধ করতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে জাসদ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জীবিত বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২২ সালে ‘বীরের কণ্ঠে বীরগাথা’ শিরোনামে এ প্রকল্প নেওয়া হয়।