বুন্দেস লিগায় বায়ার্ন মিউনিখের হয়ে নিজের শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন হ্যারি কেইন। ভের্ডার ব্রেমেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জয় অব্যাহত রেখেছে জার্মান চ্যাম্পিয়নরা।
বায়ার্নের হয়ে মাত্র ১০৪তম ম্যাচ খেলেই গোলের সেঞ্চুরি পূরণ করেছেন কেইন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনও ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচে শততম গোলের রেকর্ড এটি। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হাল্যান্ড যৌথভাবে ১০৫ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন।
চলতি বুন্দেসলিগা মৌসুমে গড়ে প্রতি ম্যাচে দুই গোল করে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক।
খেলার পর স্কাই জার্মানিকে কেইন বলেছেন, ‘সত্যি বলতে এটা আমার কাছেও অবিশ্বাস্য। এ রকম এক বড় ক্লাবের হয়ে ১০০ গোল করা এবং এত দ্রুত তা ছুঁতে পারা আমার জন্য গর্বের।’
কেইনের জোড়া গোলের সঙ্গে জোনাথন টাহ ও কনরাড লাইমার একটি করে গোল করে বায়ার্নকে টানা পঞ্চম জয় এনে দিয়েছেন।
শুরুর দিকেই দু’টি সুযোগ পেয়েছিলেন কেইন। সতীর্থ মিকায়েল অলিসের সঙ্গে মিলে বারবার ব্রেমেন রক্ষণ ভাঙছিলেন। তবে প্রথম প্রচেষ্টা বাইরে চলে যায়, আর দ্বিতীয়টি রুখে দেন আর্সেনাল থেকে ধারে আসা ব্রেমেন গোলকিপার কার্ল হেইন।
২২ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। গোল করেন টাহ। আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও ধীরে ধীরে নিজেদের ডি-বক্সেই আটকে যায় ব্রেমেন। বিরতির ঠিক আগে মার্কো ফ্রিডল ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। তখন কেইন ঠাণ্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করে তুলে নেন নিজের ৯৯তম গোল। বিরতির ২০ মিনিট পর দিয়াজের পাস থেকে গোল করে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। ম্যাচের শেষ দিকে লাইমারের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।