অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সিলেটে মঙ্গলবার জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এমন তথ্য দেন তিনি। সাংবাদিকদের বুলবুল বলেছেন, ‘আমি দেশের জন্য ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’
সম্ভাব্য হিসেবে আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা চলছে। সোমবারই এক সভায় নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বিসিবি। একদিন পর নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন বর্তমান বিসিবি সভাপতি। বুলবুল বলেছেন, ‘ইনশাআল্লাহ অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করবো। এখানে সভাপতি নয়, পরিচালকদের নির্বাচন হয়। সেটিই মূল লক্ষ্য এবং আমি সেখানে থাকার চেষ্টা করবো।’
ফারুক আহমেদের ওপর অনাস্থা প্রস্তাব আনার পর সভাপতির পদ থেকে তাকে সরে যেতে হয়। ফারুকের জায়গায় গত মে মাসে দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়েই ঘোষণা করেছিলেন, আগামী অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি ইনিংস খেলবেন। পরে অবশ্য মত বদলেছে তার।
অথচ বেশ কিছুদিন আগেও বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমকে বুলবুল বলেছিলেন, ‘আমি তো বলেছি, কখনও নির্বাচন করবো না। আমি কীভাবে নির্বাচন করবো? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই। আমি ফ্রি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকবো, চেষ্টা করবো।’