ইতালির ভেনিস শহর থেকে ছোট আকারের নৌযানে চড়ে যাতায়াত করতে হয় কাছের সমুদ্র সৈকত হিসেবে পরিচিত লিদো দ্বীপে। এতে অবস্থিত পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্দে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরের পর্দা উঠছে বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায়। এবারের আয়োজনে সমবেত হচ্ছেন হলিউডের হেভিওয়েট তারকারা, ইউরোপের সৃজনশীল পরিচালকরা ও এশিয়ার মহীরুহ নির্মাতারা। ১১ দিনের এই আয়োজনে রাখা হয়েছে মনস্তাত্ত্বিক থ্রিলার, আর্ট হাউস ড্রামা, প্রামাণ্যচিত্রসহ নামজাদা স্টুডিওগুলোর লগ্নিকৃত চলচ্চিত্রের সমাহার। সেই সঙ্গে ছড়িয়ে থাকছে ভূ-রাজনৈতিক আবহ।
লিদো দ্বীপের আকাশে গাজায় ইসরায়েলি যুদ্ধের ছায়া পড়ছে। এ কারণে উৎসবে প্রভাব বিস্তার করছে ভূ-রাজনীতি। চলচ্চিত্রের উদযাপন মুখ্য হলেও তাতে মিশে থাকবে ভূ-রাজনৈতিক সংঘাত। ‘ভেনিসফোরপ্যালেস্টাইন’ নামক চলচ্চিত্র ব্যক্তিত্বদের একটি সংগঠন গাজা যুদ্ধ নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের দাবি– ফিলিস্তিনি কণ্ঠস্বরকে আরও উদ্বুদ্ধ করা ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানো। সংগঠন থেকে উৎসবে দেওয়া একটি চিঠিতে সই করেছেন দেড় হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য– ব্রিটিশ পরিচালক কেন লোচ, অভিনেতা চার্লস ড্যান্স, ইতালিয়ান পরিচালক মাত্তেয়ো গারোনে, অভিনেতা টনি সেরভিলো ও অভিনেত্রী আলবা রোরওয়াচার।ভেনিস উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা জানিয়ে রেখেছেন, যেকোনও মুক্ত আলোচনায় বাধা নেই তাদের। তবে লিদো দ্বীপে ইসরায়েলি নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিষিদ্ধ করার আহ্বানে সাড়া দিতে তিনি নারাজ। কাউকে বয়কট করার পক্ষে নয় আয়োজকরা। সমকালীন পরিস্থিতি নিয়ে সব ধরনের আলোচনার জন্য তারা দুয়ার খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ এভাবেই সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব বলে মন্তব্য আলবের্তো বারবেরা।
বিতর্ক এড়াতে উৎসবে আসছেন না ইসরায়েলি অভিনেত্রী গল গ্যাডট। তার অভিনীত ‘ইন দ্য হ্যান্ড অব দান্তে’ দেখানো হবে প্রতিযোগিতার বাইরে। জুলিয়ান শ্নাবেল পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন জেরার্ড বাটলার, অস্কার আইজ্যাক, আল পাচিনো, জেসন মোমোয়া ও জন ম্যালকোভিচ। একটি বিশেষ চরিত্রে আছেন অস্কারজয়ী পরিচালক মার্টিন স্করসেসি। আগামী ৩ সেপ্টেম্বর এবারের আসরে জুলিয়ান শ্নাবেল ‘গ্লোরি টু দ্য ফিল্মমেকার’ অ্যাওয়ার্ড পাবেন।
মূল প্রতিযোগিতায় নির্বাচিত একটি চলচ্চিত্রে গাজার যুদ্ধ পরিস্থিতিকে আলোকপাত করা হয়েছে। তিউনিসিয়ার কাউতার বেন হানিয়া পরিচালিত ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ নামের ছবিটি সত্যি ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। এতে তুলে ধরা হয়েছে, ২০২৪ সালে গাজায় পাঁচ বছরের এক ফিলিস্তিনি শিশুর গল্প। ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে থাকা একটি গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার পর নিহত হয় সে। ভেনিস উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা মনে করেন, এবারের আসরে গভীর প্রভাব ফেলবে এই ছবি।
বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব ভেনিসের ৮২তম আসরে আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক সংকট ব্যাপকভাবে চোখে পড়বে। অস্কারজয়ী আমেরিকান পরিচালক ক্যাথরিন বিগেলো তার পারমাণবিক থ্রিলার ‘অ্যা হাউস অব ডাইনামাইট’ নিয়ে লিদো দ্বীপে আসছেন। ফ্রান্সের অলিভিয়ের অ্যাসায়াস আনছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্থানের কাহিনি নিয়ে নির্মিত ‘দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন’। এতে পুতিনের ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ তারকা জুড ল।অষ্টাদশ শতকের প্রগতিশীল শেকার নেতা অ্যান লির জীবনের ওপর নির্মিত সংগীতনির্ভর ভিন্নধর্মী একটি বায়োপিক ‘দ্য টেস্টামেন্ট অব অ্যান লি’। ছবিটি পরিচালনা করেছেন নরওয়ের মোনা ফাস্টফল্ড। বেনি সাফদির পরিচালনায় মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ফাইটারের বায়োপিক ‘দ্য স্ম্যাশিং মেশিন’ (ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট) এবারের অন্যতম আকর্ষণ।
ভেনিস উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা বলেন, ‘এবারের আসরে বাস্তবধর্মী সিনেমার প্রত্যাবর্তন হচ্ছে, যেখানে আমাদের সমকালীন বিশ্বের বড় সংকটগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন নির্মাতারা।’স্বর্ণসিংহ পুরস্কারের দৌড়ে ২১টি চলচ্চিত্র
গত বছর ভেনিস উৎসব এড়িয়ে যাওয়া হেভিওয়েট স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবার জাঁকজমকভাবে ফিরছে। তাদের ঝুলিতে ক্যাথরিন বিগেলো পরিচালিত ‘অ্যা হাউস অব ডাইনামাইট’ (ইড্রিস অ্যালবা, রেবেকা ফার্গুসন) তো আছেই, এছাড়া স্বর্ণসিংহ পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ (অস্কার আইজ্যাক, জ্যাকব এলর্ডি), নোয়া বামব্যাকের কমেডি-ড্রামা ‘জে কেলি’ (জর্জ ক্লুনি, অ্যাডাম স্যান্ডলার)। তিনটি ছবিই এবারের আসরে বহুল কাঙ্ক্ষিত।
মূল প্রতিযোগিতায় গ্রিসের ইয়োর্গোস লান্তিমোস পরিচালিত ‘বুগোনিয়া’ (এমা স্টোন) ও যুক্তরাষ্ট্রের জিম জারমাশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ (কেট ব্ল্যানচেট, ভিকি ক্রিপস, অ্যাডাম ড্রাইভার) ছবি দুটি নজর কাড়তে পারে।
এশিয়ার তিনটি চলচ্চিত্র মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। এগুলো হলো তাইওয়ানের শু কি পরিচালিত ‘গার্ল’, দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েস’ (লি বিয়াং হান) ও চীনের কাই শংচুন পরিচালিত ‘দ্য সান রাইজেস অন আস অল’।
অস্কারজয়ী ইতালিয়ান নির্মাতা পাওলো সরেন্তিনো পরিচালিত ‘লা গ্রাৎসিয়া’ (গ্রেস) প্রদর্শনের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। এটিও রয়েছে মূল প্রতিযোগিতায়।মূল প্রতিযোগিতায় বিচারকদের প্রধান আমেরিকান পরিচালক আলেক্সান্ডার পেইন। তার নেতৃত্বে বিচারক প্যানেলে দায়িত্ব পালন করবেন ইরানি পরিচালক-লেখক মোহাম্মদ রাসুলফ, ব্রাজিলিয়ান অভিনেত্রী, লেখক ও চিত্রনাট্যকার ফার্নান্দা তোরেস, ফরাসি পরিচালক-চিত্রনাট্যকার স্তেফান ব্রিজে, ইতালিয়ান পরিচালক-চিত্রনাট্যকার মাউরা দেলপেরো, রোমানিয়ান পরিচালক, লেখক ও প্রযোজক ক্রিস্টিয়ান মুনজিউ এবং চীনা অভিনেত্রী জাও তাও।
লালগালিচার জৌলুস
লালগালিচায় যেসব তারকারা আসবেন তাদের মধ্যে জুলিয়া রবার্টস, এমা স্টোন, জর্জ ক্লুনি, ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট, অ্যান্ড্রু গারফিল্ড, অস্কার আইজ্যাক ও আমান্ডা সাইফ্রেডের দিকে আলাদাভাবে নজর থাকবে সবার। তাদের মধ্যে ‘আফটার দ্য হান্ট’ ছবির প্রচারের অংশ হিসেবে প্রথমবারের মতো ভেনিসের লালগালিচায় পা ফেলবেন জুলিয়া রবার্টস। প্রতিযোগিতার বাইরে থাকলেও স্পটলাইটে রয়েছে এটি। মিটু হ্যাশট্যাগ আন্দোলনের আবহে ইতালির লুকা গুয়াদানিনো পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড, আয়ো এডেবিরি ও ক্লোয়ি সেভিনি।ভেনিস উৎসবের মাধ্যমে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে হলিউডের পুরস্কার মৌসুম শুরুর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। গত চার বছরে ভেনিসে নির্বাচিত চলচ্চিত্রগুলো অস্কারে ৯০টিরও বেশি মনোনয়ন পেয়েছে। এরমধ্যে জিতেছে প্রায় ২০টি পুরস্কার। ফলে বিশ্বজুড়ে অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালকদের কাছে উৎসবটির আকর্ষণ সমান।
উদ্বোধনী সন্ধ্যায় খ্যাতিমান জার্মান পরিচালক ভেরনার হারজগের আজীবন সম্মাননা তুলে দেবেন ‘গডফাদার’ ট্রিলজির স্রষ্টা ফ্রান্সিস ফোর্ড কপোলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী ইমানুয়েলা ফানেল্লি। এবারের আসরে আজীবন সম্মাননায় আরও ভূষিত হবেন আলফ্রেড হিচককের মাস্টারপিস ‘ভার্টিগো’র (১৯৫৮) আমেরিকান অভিনেত্রী কিম নোভাক। প্রতিযোগিতার বাইরে নির্বাচিত “ডেড ম্যান’স ওয়্যার” ছবির পরিচালক গ্যাস ফন স্যান্ট আগামী ২ সেপ্টেম্বর পাবেন ‘প্যাশন ফর ফিল্ম’ অ্যাওয়ার্ড। উৎসবটি চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।