দক্ষিণ সুদানের অর্থমন্ত্রী মারিয়াল দনগ্রিন আতেরকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সালভা কির। ২০২০ সাল থেকে এ নিয়ে সাতবারের মতো উক্ত পদে পরিবর্ত এলো। দক্ষিণ সুদানের রাষ্ট্রীয় বেতারের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই থেকে অর্থমন্ত্রী পদে বহাল ছিলেন আতের। তাকে স্থলাভিষিক্ত করবেন আথিয়ান দিং আথিয়ান। তিনি এর আগে ২০২০ এবং ২০২১ সালে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আতেরকে বরখাস্তের ঘোষণা দিলেও এই সিদ্ধান্তের কারণ প্রকাশ করেননি প্রেসিডেন্ট কির।
একইদিনে বিনিয়োগমন্ত্রীকেও প্রেসিডেন্ট কির বরখাস্ত করেছেন বলে বেতারে জানানো হয়।
দক্ষিণ সুদানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত গৃহযুদ্ধ এবং সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র সুদানে গৃহযুদ্ধের কারণে দেশটির তেল রফতানি কমে আসায় দেশটির আয়ের প্রধান উৎসে ধস নামে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাসে সতর্ক করে বলা হয়, ২০২৫ সালে দক্ষিণ সুদানের অর্থনীতি ৪ দশমিক ৩ শতাংশ সংকুচিত এবং মুদ্রাস্ফীতি ৬৫ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে।
২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা পাওয়ার পর সালভা কির দক্ষিণ সুদানের প্রথম প্রেসিডেন্ট হন। চলতি বছর মার্চে দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিক মাশারকে গৃহবন্দি করা হলে দেশে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা দেখা দেয়।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকুই জানিয়েছিলেন, মাশার তার সমর্থকদের উসকানি দিচ্ছিলেন বিদ্রোহের জন্য, যাতে নির্বাচন ব্যাহত হয় এবং দেশ আবার যুদ্ধে জড়িয়ে পড়ে। তবে মাশারের দল এসব অভিযোগ অস্বীকার করেছে।