বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

বিপিএলের ব্র্যান্ডিংয়ে আগ্রহী আইপিএল-পিএসএল অভিজ্ঞ পাঁচ প্রতিষ্ঠান!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের মান উন্নয়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বিপিএলের মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরিকল্পনার দায়িত্ব নিতে আগ্রহী পাঁচটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে বিসিবির কাছে।

বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, এসব প্রতিষ্ঠানের মধ্যে একটি স্থানীয়, আর বাকি চারটি আন্তর্জাতিক। যাদের আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি এবং লেজেন্ডস লিগের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

চলতি মাসের শুরুতে বিপিএলের জন্য স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরামর্শদাতা সেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগ্রহপত্র (ইওআই) আহ্বান করে বিসিবি। সেই আহ্বানে সাড়া দিয়ে ২৬ জুলাই পর্যন্ত প্রস্তাব জমা দেয় পাঁচ প্রতিষ্ঠান।

এমনটা হলে বিসিবি প্রথমবারের মতো বিপিএলের কৌশলগত ও বাণিজ্যিক দায়িত্ব কোনও বাইরের প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে যাচ্ছে। এতদিন পুরো টুর্নামেন্টের ব্যবস্থাপনাই চলতো বোর্ডের অভ্যন্তরীণ উদ্যোগে। এবার সেই ধারা বদলাতে যাচ্ছে।

এই উদ্যোগ বিপিএলের বাণিজ্যিক মূল্য বৃদ্ধির পাশাপাশি টুর্নামেন্টটিকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে গড়ে তুলবে। বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা চাই, বিপিএল শুধু ঘরোয়া আয়োজনে না থেকে আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডে পরিণত হোক।’

Translate